ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে ২ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভবনস্থ কেন্দ্রিয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
‘ক’ ইউনিটে ভর্তিযোগ্য বিবেচিত ১৯ হাজার ২৬৭ জনের মধ্যে এক হাজার ৭৬৫ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে লেখাপড়া করার সুযোগ পাবে।
এ ইউনিটে ভর্তির জন্য মোট ৮৯ হাজার ৫০৮ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত শুক্রবার পরীক্ষা দেয় ৮২ হাজার ৪৫ জন।
আর ‘চ’ ইউনিটে ভর্তিযোগ্য বিবেচিত ৩০৪ জনের মধ্যে ১৩৫ জন শিক্ষার্থী চারুকলা অনুষদের আটটি বিভাগে ভর্তি হতে পারবে।
এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৩ হাজার ৪৭৮ জন আবেদন করেছিল; শেষ পর্যন্ত নৈর্ব্যক্তিক অংশের (সাধারণ জ্ঞান) পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৭২ জন।
‘ক’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ থেকে ১৫ নভেম্বরের মধে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে। আর কোটায় আবেদনকারীদের ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।
আর ‘চ’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবে। কেউ ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
তাছাড়া, ক-ইউনিটের যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA ˂রোল নম্বর˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।
অন্যদিকে চ-ইউনিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA ˂রোল নম্বর˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবে।
এমবি





