এক বছরেও পরীক্ষার ফল প্রকাশ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ১০টি কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক শান্তি রানী হালদার জানান, ২০১০-১১ সেশনের তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষার ফলপ্রত্যাশীরা শনিবার সকাল ৯টার দিকে তার কক্ষ সহ বিভাগের অফিস, শিক্ষকদের পাঁচটি ও তিনটি শ্রেণিকক্ষে তালা দেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর সিরাজ উদদৌলার আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
সিরাজ উদদৌলা বলেন, “বিভাগীয় প্রধান, পরীক্ষা কমিটির প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সঙ্গে কথা বলে অবিলম্বে ফল প্রকাশের উদ্যোগ নেয়া হবে, এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তালা খুলে দিয়েছে।”
ফলপ্রত্যাশী এক শিক্ষার্থী টাইম নিউজবিডি ডট কমকে জানান, গত বছরের ১ মার্চে তাদের বর্ষ সমাপনী পরীক্ষা শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হয়।
তাদের সেশনের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে মাস্টার্সে আছে। কিন্তু একবছরেও ফল প্রকাশ না হওয়ায় এখনও চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষাই দিতে পারেনি।
বিষয়টি নিয়ে বিভাগের সভাপতি এবং পরীক্ষা কমিটির সভাপতির কাছে দেন-দরবার করেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এক বছরেও ফল প্রকাশিত না হওয়ার বিষয়টি স্বীকার করে বিভাগের সভাপতি শান্তি রানী হালদার বলেন, “পরীক্ষার ফলাফল সময়মতো প্রকাশের বিষয়টি নির্ভর করে পরীক্ষা কমিটির সভাপতির ওপর। কিন্তু শিক্ষার্থীরা তার কাছে না গিয়ে আমার রুমে তালা দিল কেন বুঝলাম না।”
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সুপ্তিকণা মজুমদার টাইমনিউজ বিডিকে “কিছু প্রশাসনিক জটিলতার কারণে পরীক্ষার ফল দেয়া যাচ্ছে না।''
এমএ





