৩৭তম বিসিএসে উপ-সহকারী পরিচালক (মৎস্য) পদে মৎস্য বিজ্ঞান বিষয়ে অনার্স ছাড়া প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ফিশারিজ বিভাগ। রোববার দুপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাসকিন পারভেজ শাতিলের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন, ফিশারিজ সমিতির ভিপি অলক কুমার পাল, মাস্টার্সের শিক্ষার্থী আবুল কাশেম, নাহিদ চৌধুরী, তৃতীয় বর্ষের নাজরীন নাহার নীলা প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিসিএসে উপ-সহকারী পরিচালক (মৎস্য) পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেয়া হলে দেশের মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ফিশারিজ বিভাগে ৬ থেকে ৭ বছর অধ্যায়ন করার পরেও এই বিভাগ থেকে চাকরির সুযোগ দেয়া না হলে তারা বঞ্চিত হবেন। বক্তারা বিসিএসের এই ক্যাডার পদে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকে নিয়োগ দেয়ার দাবি জানান। তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকার মৎস্য ভবন ঘেরাওয়ের হুমকি দেন শিক্ষার্থীরা।

এসটি