চলচ্চিত্র প্রদর্শণীর টিকিট বিক্রয়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমাবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের লালন চত্বরে এই ঘটনা ঘটে।
জানা যায়, শহীদ ফারুক হত্যা দিবস নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শণীর টিকিট বিক্রয় করছিল ছাত্রলীগের জিয়াউর রহমান হল কর্মী ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাওন। এসময় আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাশেদ টিকেট কিনতে চেয়ে, পরবর্তীতে না নিলে তার উপর ক্ষীপ্ত হয়ে তাকে ধাক্কা মারে শাওন।
পরে এ ঘটনায় রাশেদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাবরিন জামিল সুস্ময়কে ডেকে নিয়ে আসে। সুস্ময় আসলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারার ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ব্যাপারে শাওনের নিকট জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আমি টিকিট বিক্রয় করতে গেলে আইন বিভাগের এক শিক্ষার্থীর সাথে সামান্য ঝামেলা হয়। এই ঘটনায় সুস্ময় আমাকে চড়-থাপ্পড় মারে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসন বিপ্লব বলেন, সামান্য ভুল বুঝাবুঝি নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এমকে





