বাসের চালক ও হেল্পার কর্তৃক ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নবি) শিক্ষার্থীদেরকে মারপিটের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করেছে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মোড়ের নতুন সড়ক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শিক্ষাথীরা অবরোধ তুলে নেয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ময়মনসিংহ নগরী থেকে প্রতিদিন রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে আসে। মঙ্গলবার বাসটি নগরীর মাসকান্দা এলাকায় এসে পৌঁছলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণার রূপকথা ক্লাসিক বাসের চালক ও হেল্পার বাসটি ভাংচুর করে ও কয়েক শিক্ষার্থীকে মারপিট করে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এবং ২০ থেকে ২৫ টি গাড়ি ভাংচুর করেছে বলে জানা যায়।

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ১৫ থেকে ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ২ থেকে ৩টি গাড়ির গ্লাস ভাংচুর করে। পরে দোষীদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এআই