অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (শনিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা-সম্পর্ক বিষয়ে সম্প্রতি যেসব বিভ্রান্তি/অস্পষ্টতা রয়েছে সেসব নিরসনকল্পে এ বিজ্ঞপ্তি বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিষয়গুলোর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দেয়া বিষয়গুলো হলো- অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিজ নিজ কলেজের/ইনস্টিটিউটের শিক্ষার্থী; তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্ব-স্ব কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে।
উল্লেখিত কলেজ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেয়া হবে না; তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন/পরিবহণ/স্বাস্থ্যসেবা/পাঠাগার প্রভৃতির কোনটিই ব্যবহার করার সুযোগ উল্লেখিত কলেজ/ইনস্টিউটের শিক্ষার্থীদের নেই। তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাদি গ্রহণ করবে।
অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি/ব্যবহারিক পরীক্ষা/মৌখিক পরীক্ষা/ ব্যাংকিং কার্যক্রম প্রভৃতি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে/সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়। উল্লেখিত কলেজ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা-সহায়ক কার্যক্রমও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব প্রস্তুতি ছাড়া অপরিকল্পিতভাবে হঠাৎ করে ঢাকার সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণের ফলে অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে স্বতন্ত্র লোকবল ও ব্যবস্থাপনা দ্বারা অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও সামগ্রিক কার্যক্রম বাধাগ্রস্থ হবে না।
এমবি





