ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় আরেক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গৃহকর্মীর নাম রেশমা (২৫)।  

আজ (২৪ ফেব্রুয়ারি) রোববার মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে রেশমাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।  

এর আগে ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা করেন তার স্বামী ইসমত কাদির গামা।

এমবি