জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ছাত্র প্রফুল্ল মণ্ডলের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ দেওয়ায় পরিসংখ্যান বিভাগের ছাত্রী সুমাইয়া মরিয়ম ইভাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে ওই ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ২৩ আগস্ট রাতে অনুষ্ঠিত ২৯৬ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বুধবার এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, পরিসংখ্যান বিভাগের ৪১তম ব্যাচের জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী সুমাইয়া মরিয়ম ইভা গত বছরের জুলাই মাসে রসায়ন বিভাগের ছাত্র প্রফুল্ল মণ্ডলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির কাছে যৌন হয়রানির অভিযোগ করেন। এ বছরের ২৪ এপ্রিল অভিযোগ কমিটি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, ‘রসায়ন বিভাগের ছাত্র প্রফুল্ল মণ্ডলের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ অসত্য। অভিযোগ কমিটির কাছে প্রমাণিত হয় যে, সুমাইয়া মরিয়ম ইভা সুচিন্তিতভাবে প্রফুল্ল মণ্ডলকে বিপদে ফেলেছেন। প্রতারণার মাধ্যমে প্রক্টর অফিস ও অভিযোগ কমিটিকে ব্যবহার করেছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিথ্যা অভিযোগের দায়ে এই প্রথম কোনো ছাত্রীকে শাস্তি দেয়া হলো।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





