‘প্রশ্নের মধ্যেই উত্তরপত্র চিহ্নিত ছিল’ এমন অভিযোগ উঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বাণিজ্য অনুষদের ডিন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষা স্থগিতের বিষয়টি প্রকাশ করা হয়। আগামী ৭ নভেম্বর এই সাক্ষাৎকার পনুরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাগেছে শুধু সাক্ষাৎকার স্থগিত নয়, প্রশ্ন উঠায় এই পরীক্ষাটি পুনরায় নেওয়ােও চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত সোমবার বিকেলে বাণিজ্য অনুষদের সি-২ ও সি-৩ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার্থীদের কেউ কেউ আঁচ করতে পারেন সি-৩ ইউনিটের প্রশ্নপত্রে ১০০টি প্রশ্নের সঠিক উত্তরই হালকা ঝাপসা করে দেওয়া হয়েছে।

পরীক্ষা তাাদের কেউ কেউ এটা নিয়ে অভিযোগ জানান। মঙ্গলবার দিনভর এ নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এর মধ্যে ওইদিন (মঙ্গলবার) সন্ধ্যায় এই ইউনিটের ফল প্রকাশ করে। এই ফলাফলে দেখা যায় মেধা তালিকায় থাকা প্রথম ১৫জনই ১০০ এর উপর নম্বর পেয়েছেন। ফলে প্রশ্ন জালিয়াতির অভিযোগের বিষয়টি আরও সামনে চলে আসে। এর মধ্যে বুধবার বাণিজ্য অনুষদ ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও অনুষদের ডিন জাহাঙ্গীর আলমের এই ঘোষণা আসল।

এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। তারা তাদের বক্তব্যে এটিকে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক ঘটনা হিসেবে চিহ্নিত করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা রাখেন এমন কয়েকজন শিক্ষককের সঙ্গে কথা বলে জানা গেছে সি-৩ ইউনিটের পরীক্ষাটি পুনরায় নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের মধ্যেই এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে।

তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় চট্টগ্রামের বাইরে আছেন। তিনি বৃহস্পতিবার ক্যাম্পাসে আসবেন। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভর্তি পরীক্ষা যাতে সম্পূর্ণ জালিয়াতি মুক্ত থাকে। কিন্তু এর মধ্যে সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই ভর্তি পরীক্ষা পুনরায় না নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

মাসুম/জারিফ