সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রের ঘোষিত অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়গামী কোন ট্রেন চলতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা রেললাইনে বসে শাটল ট্রেন অবোরধ করে।

শাটল ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাবুদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী কোন শাটল ট্রেন ষোলশহর থেকে যেতে দেয়নি। আমরা ট্রেন সিকিউরিটিতে পাঠিয়েছি।

অন্যদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বলে জানিয়ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান সম্বনয়ক মো. আরজু ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গামী কোন শাটল ট্রেন চলতে দেয়া হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাটল ট্রেন অবোরধ ও ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।