করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর এ বছরের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে শ্রেণি কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে ২টি শর্ত মানতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শর্ত ২ টি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়সসমূহে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এর সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।
শর্তের মধ্যে রয়েছে-
১) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা ভ্যাকসিন গ্রহণের জাতীয় পরিচয়পত্র জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে;
২) ১৮ বছর বা তদুর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে।
এমবি





