৩০ বছর থেকে বঞ্চিত মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্বিতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।

সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, জাতীয় স্কেলে বেতন ঘোষণা না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রায় ১৯,০০০ মাদ্রাসা ছিল কিন্তু তা হ্রাস পেতে পেতে দুই তৃতীয়াংশ মাদ্রাসা বিলুপ্তির পথে। ২০১১ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক হিসাবনুযায়ী প্রায় ৬,৮৪৮ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে যার শিক্ষক সংখ্যা প্রতিটি মাদ্রাসায় ৫ জন করে কর্মরত হলেও ৩৪,২৪০ শিক্ষক কর্মরত আছেন।

১৯৯৪ সালের একই পরিপত্রে বেসরকারী প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো ৫০০ টাকা ভাতাপ্রাপ্ত হতেন।

পরবর্তিতে ধাপে ধাপে বেসরকারী প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা উন্নীত করে এবং ২০১৩ সালের ৯ জানুয়ারিতে ২৬,১৯৩ টি সরকারী প্রাইমারী স্কুল জাতীয় করন করেছে।

কিন্তু ৬,৮৪৮ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ১,৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সালে শিক্ষা মন্ত্রী ৫০০ টাকা থেকে ১,০০০ টাকায় উন্নীত করেছেন। বাকী ৫,৩২৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এখনো বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনে সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম হিরন,শাহজাহান আলী,বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন প্রমুখ।

এমই