রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় জড়িত শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কারের সুপারিশ করা হয়।
শনিবার (০২ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগের এক জরুরি সভায় মহানগর সভাপতি রকি কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সভায় কামাল হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এবং পলিটেকনিক শাখায় ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ঘটনার সঙ্গে সৌরভের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
গতকাল (০২ নভেম্বর) শনিবার দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে পলিটেকনিকের ভেতরেই পুকুরের মধ্যে ফেলে দেয়া হয়। এর আগে তাকে লাঞ্ছিত করা হয়। পরে ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে টেনে তোলেন। তবে পুকুরের পানিতে ভিজে তার মোবাইল ফোনটিও নষ্ট হয়ে যায়।
অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ বলেন, “বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা আমার কাছে অন্যায় দাবি নিয়ে আসত। তাদের দাবিগুলো মানার মতো না। দাবি না মানার কারণে তাঁরা আমার ওপর ক্ষুব্ধ ছিল।”
এই ঘটনায় শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ ফরিদ উদ্দিন নগরীর চন্দ্রিমা থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ ২৫ জনকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি গোলাম মোস্তফা। তিনি জানান, অধ্যক্ষ রাতে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাত শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর রাতেই ২৫জনকে আটক করে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এমবি





