ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত আগামীকাল সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ (১০ নভেম্বর) রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সোমবারের (১১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষাটি কবে আয়োজন হবে সে বিষয়ে জানানো হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই পরীক্ষার দিন সময় ঘোষণা করা হবে।
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে শনিবারের (০৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
আজ (১০ নভেম্বর) রোববার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ও পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, বুলবুল আর ঘূর্ণিঝড় নেই। সেটি এখন গভীর স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। বুলবুল এখন বাগেরহাট, পটুয়াখালী এবং বরিশাল অঞ্চলে অবস্থান করছে।
তবে এর পরের গতিপথে দুইটি ঘটনা ঘটতে পারে। আরও দুর্বল হয়ে সেটি উত্তর-পূর্বাঞ্চল হয়ে ত্রিপুরা-আসাম চলে যাবে। এতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। অথবা বাংলাদেশের ভেতরেই এটি নিঃশেষ হয়ে যাবে।
এমবি





