যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিসারিজ বিভাগের রাশেদ (২৩) নামে এক শিক্ষার্থীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

বুধবার (২৯ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছেলের সন্ধান চান তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের আব্বাস গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রাশেদ যশোরের কদমতলা পাঠশালা কোচিং সেন্টারের মেসে থাকতেন। গত ২১ জুন বিকেলে রাশেদকে তার ল্যাপটপসহ একটি গাড়িতে করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রাশেদের বন্ধুদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়েও গত ৯ দিনে ছেলের সন্ধান পাননি তারা।

এ ঘটনায় তিনি গত ২৫ জুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশেদ কোনো রাজনৈতিক দল বা রাষ্টদ্রোহী কাজে জড়িত ছিল না।

তিনি ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ওএফ