চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আফরাজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ফলাফলে দেখা যায়, এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদ্রাসায় পাসের হার তুলনামূলকভাবে বেশি। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। আর মাদ্রাসায় পাসের হার ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। এবার আলিম পরীক্ষায় ৯৯ হাজার ৩২০ শিক্ষার্থী অংশ নেয়। 

তবে সবচেয়ে বেশি পাস করেছে কারিগরি শিক্ষা বোর্ডে। সেখানে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৭৭ দশমিক ৩০।

এবার ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। ছেলেদের চেয়ে মেয়েরা এবার ২ দশমিক ৮২ ভাগ বেশি পাস করেছে।

মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন।

এবার মোট জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। এবার গতবারের চেয়ে প্রায় ৬ শতাংশ শিক্ষার্থী কম পাস করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এর পরই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

গত ২ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয় এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমবি