জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সমাবর্তনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানের মূল আয়োজন হবে কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে আমন্ত্রিত অতিথি ও গ্র্যাজুয়েটদের বসার জন্য বিশাল প্যান্ডেল সাজানোর কাজশেষ হয়েছে।
তিনি আরও জানান, এ বছর সমাবর্তন প্যান্ডেলে অতিথি ও সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের জন্য প্রায় ১৩ হাজার আসনের ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই সমাবর্তন আয়োজন করতে সারা ক্যাম্পাসে আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ দিকে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সমাবর্তন ঘিরে আনন্দ আর কৌতূহলে মাতোয়ারা সমাবর্তনে অংশ নিতে যাওয়া গ্র্যাজুয়েটরা। বন্ধুবান্ধব ও প্রিয়জন দলবেঁধে প্রিয় ক্যাম্পাস জীবন স্মৃতির ফ্রেমে আটকে রাখতে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিরাজ করছে উৎসবের আমেজ।
এএইচ





