কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনকালে তিন শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। তাদের মধ্যে দুজন ছাত্রলীগের পদধারী এবং অন্যজন হলের অনাবাসিক শিক্ষার্থী। আটকের পর ওই কক্ষটি সিলগালা করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
ছাত্রলীগ নেতা বিজয় বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সজীব পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরজন পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলীলুর রহমান শিবলু।
হল প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় হল পরিদর্শনে যান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ। এ সময় হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে গাঁজার গন্ধ পেয়ে কক্ষে অভিযান চালান তিনি। তখন গন্ধ দূর করতে সজীব কক্ষটিতে স্প্রে করছিলেন এবং বাকী দুইজন শুয়ে ছিলেন।
পরে তাদেরকে উঠিয়ে টেবিলের ড্রয়ার থেকে ৩ প্যাকেট গাঁজা, বালিশের নিচ থেকে হাতুড়ি, সাদা রঙের মাদকদ্রব্য এবং ড্রয়ার থেকে বন্ধ অবস্থায় ৩টি ফোন জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে ওই কক্ষ সিলগালা করে তাদের বের করে দেয়া হয়। এবং জব্দ কৃত দ্রব্য প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘আমরা মাদক সেবন রত অবস্থায় তিনজনকে হলের ৫০৬ নম্বর কক্ষে পেয়েছি।
তাদের কাছে গাঁজা, হাতুড়ি এবং মাদকদ্রব্য পেয়েছি। প্রক্টরিয়াল বডির কাছে উদ্ধারকৃত দ্রব্য হস্তান্তর করেছি এবং কক্ষটি সিল গালা করে দিয়েছি।’ আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্টরিয়াল বডির বলে জানান হল প্রাধ্যক্ষ।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা জব্দ কৃত মাল পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো ছাত্রকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
রাতেই শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জসীম উদ্দিন বিজয়ের পদ স্থগিত ও সজীব কুমার করকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এএস





