চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে তারিকুল ইসলাম রনি (২৫) নামে ওই শিক্ষার্থীকে একদল দুর্বৃত্ত অপহরণ করে।

সূত্র জানায়, তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় তারিকুলের বন্ধু ও একই বিভাগের শিক্ষার্থী নুর উল্লাহকে মারধর করে কয়েকজন যুবক।

এসময় তার কাছ থেকে তারিকুলের সন্ধান জানতে চায় তারা। তারিকুলের অবস্থান জানতে পেরে আহত নুর উল্লাহকে একটি খালের পাশে ফেলে রেখে চলে যায় তারা। এর ঘণ্টাখানেক পর থেকে তারিকুলের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে নুর উল্লাহ জানান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারিকুলের বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। তবে এখনো এসে পৌঁছাননি। আল আমীন নামে তারিকুলের এক বন্ধু থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, তারিকুলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রীর পরবর্তীতে বিয়ে হয় এক প্রবাসীর সঙ্গে। সম্প্রতি তার স্বামী দেশে এসে তাদের এ সম্পর্কের কথা জানতে পারেন।

ওই সম্পর্কের জের ধরেই নুর উল্লাহকে মারধর এবং তারিকুলকে অপহরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, এ মুহূর্তে অপহৃত তারিকুলকে উদ্ধার করাটাই পুলিশের কাজ। আমরা সেই চেষ্টা করছি।

এমবি