ঠাকুরগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠ দান চলছে খোলা মাঠে। স্কুলভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে কখনো খোলা মাঠে, কখনো গাছ তলায়। নতুন ভবন নির্মানেও নেই, দৃশ্যমান অগ্রগতি।
সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এই বিদ্যালয়টি ১৯৮৪ সালে স্থাপিত হয়। ২০১৩ সালে এটি রাষ্ট্রীয়করণ হলেও ভবন নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। বেসরকারি উদ্যোগে ১৯৯৮ সালে এই বিদ্যালয়ের ভবন নির্মাণ হলেও পরে এটি সংস্কার বা মেরামত করা হয়নি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীনেশ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, এটির নির্মাণ কাজ মানসম্মত না হওয়ায় ভবনে ফাটল ধরেছে। দেয়াল ভেঙ্গে যাচ্ছে। ভবনটি ঝুঁকিপুর্ণ হওয়ায় পাঠ দান চলছে খোলা আকাশে নিচে জানান তিনি।
এ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী নুপুর রাণী জানায়, ঝড়-বৃষ্টির দিন তাদের ক্লাস বন্ধ থাকে। একই সুরে বলেন নিয়তি রাণী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম নেছা জানান, নতুন ভবন নির্মাণের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সাড়া মেলেনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার বলেন, সদর উপজেলার নব সরকারি ২৫টি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এমই





