কণ্ঠশীলনের আয়োজনে অনুষ্ঠিত হল সুনির্বাচিত কবিতার আবৃত্তি অনুষ্ঠান ‘স্বগত সংলাপ’।
শুক্রবার বিকালে পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় শুধু কবিতা দিয়ে সাজানো ব্যতিক্রমী এই আয়োজন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উদ্বোধন’ কবিতার আবৃত্তি দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর পর্যায়ক্রমে শিল্পীরা আবৃত্তি করেন পুর্ণেন্দু পত্রীর ‘সোনার মেডেল’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুজারিণী, সুকুমার রায়ের ‘রাগের ওষুধ’, শরৎ কুমারের ‘এই তো বেশ আছি’, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘অপদার্থ’, শুভদাস গুপ্তের ‘আমি সেই মেয়েটি’, মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাথ বধ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খোয়াই’ এম আর আখতার মুকুলের ‘চরমপত্র’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিররূপের বাণী’ কবিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। কবিতাকে নিজের মধ্যে নিয়ে শিল্পীরা যেভাবে আবৃত্তি করলেন তা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।
কণ্ঠশীলনের প্রশিক্ষক, নির্দেশক, আবৃত্তিশিল্পী মীর বরকতের সমন্বয়ে ভিন্নধর্মী এমন কবিতার সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন- মাম্পী দত্ত, সুব্রত সাহা, রুমানা আফরোজ রুমা, শফিক সিদ্দিকী, হাসিনা হাসি, লিটন বারুরী, অনন্যা গোস্বামী, একেএম শহীদুল্লাহ কায়সার, ইলা রহমান, সালাম খোকন ও শিরিন ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কণ্ঠশীলন প্রশিক্ষক, নির্দেশক, আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার।
কেএইচ





