এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
আজ সকাল ১১টায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পীরপুর গ্রামে এই শীবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগের ছাত্র-ছাত্রীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আবুল হাসান মো. সাদেক। আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ড. আমিনুল হক, প্রভাষক ফারাজানা আক্তারসহ বিভাগের ছাত্রছাত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল হাসান মো. সাদেক বলেন, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এশিয়ান ইউনিভার্সিটি প্রতি বছরই শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
তিনি আরো বলেন, আজকের এই উদ্যোগ শীতার্ত মানুষের যেমন শীতের কষ্ট লাঘবে সহায়তা করবে তেমনি অন্যদেরও উৎসাহিত করবে। ছাত্র-ছাত্রীদের এই মহান উদ্যোগে আমি আনন্দিত এবং ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে।
ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র ও কর্মসূচির উদ্যোক্তা আনোয়ার হোসেন বলেন, আমরা ছাত্র-ছাত্রীরা মিলে এই সুন্দর কাজের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আগামীতে আরো বড় আকারে আমরা এই কর্মসূচি পালন করে শীতার্থ মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করবো।
ইআর





