১৪দিন আগে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগের খোঁজ মিলেছে চট্টগ্রামের মিরসরাইয়ে।

সোহাগের বাবা আক্কাস উজ-জামান জানান, ‘অপহরণকারীরা’ বুধবার ভোররাতে তার ছেলেকে মিরসরাই এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে সোহাগ নিজের ফোন থেকে রাজশাহীর বাসায় যোগাযোগ করেন।

“পরে স্থানীয় লোকজন তাকে শ্যামলী পরিবহনের একটি বাসে তাকে তুলে দেয়। আমাদের আত্মীয়রা সকালে ঢাকার কমলাপুরে শ্যামলী কাউন্টার থেকে সোহাগকে বাসায় নিয়ে যায়। দুপুর ১টার পর তারা রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।”

সোহাগের শারীরিক অবস্থা ‘তেমন ভালো নয়’ বলে জানান তার বাবা।

তবে তাকে উদ্ধারের বিষয়ে জানতে মিরসরাই থানায় যোগাযোগ করা হলে ওসি ইমতিয়াজ ভূইয়া বলেন, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, কয়েক দিন আগে দুই যুবককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ সাইফুজ্জামানকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাব ও ডিবি লেখা পোশাক পরা সাত-আটজন লোক তেরোখাদিয়ার বাসা থেকে সোহাগকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। তারা ৮০ হাজার টাকা দামের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গয়নাও নিয়ে যায়।

রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহাগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

এআই