চলতি মাসের পরবর্তী প্রতি রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন করা হবে।
শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় সম্মেলন ডেকে লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেডারেশনভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন (পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে) এবং স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চ স্থাপন করে উল্লিখিত দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হবে; যা ২০ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ঐ সময় সকল শিক্ষক বুকে কালো ব্যাচ ধারণ করবে। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগৃহীত স্বাক্ষর ২০ আগস্ট ফেডারেশনের মহাসচিব বরাবরে জমা দেওয়া হবে এবং পরবর্তীতে তা সরকারের উচ্চমহলে উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সঙ্গে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফেডারেশনের যৌথসভা করে আন্দোলন ও দাবি আদায়ে উপাচার্যদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এই সব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেএইচ





