ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে ঢুকে কয়েক জায়গায় কাঠবাগানে আগুন দিয়েছে বহিরাগতরা। এতে ক্যাম্পাসের মেহগনি বাগানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

বুধবার (ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত কয়েকজন ছেলে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তার পার্শ্ববর্তী মেহগনি বাগানে ও ক্রিকেট মাঠের পার্শ্ববর্তী পেয়ারাতলার কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। এতে ধোঁয়ায় আচ্ছ¡ন্ন হয়ে পড়ে আশেপাশের এলাকা। ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শেখ রাসেল হলের কয়েকজন আবাসিক ছাত্র এসে তাদেরকে বাঁধা দিলে তাদের সাথে খারাপ ব্যবহার করে ও পালিয়ে যায় বহিরাগতরা। ঘটনায় জড়িতদের সবারই বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায়।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের সহযোগিতায় প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের শৈলকুপা ইউনিট।

ঘটনার সাথে জড়িতদের তিনজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ। তারা হলো পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা দোকানদার মিন্টু মুন্সির ছেলে সোহান, কটা মিয়ার ছেলে রাব্বি ও হারুনের ছেলে সায়েম। তাদের বিরুদ্ধে এর আগেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। পূর্বে কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সতর্কও করা হয়েছিল বলে জানায় নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, “জড়িতদের পরিবারের তথ্য সংগ্রহের জন্য সিকিউরিটি বিভাগ কাজ করছে। ঘটনায় ক্ষয়ক্ষতি কম হলেও শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিল। আমরা এ বিষয়ে আইনী পদক্ষেপ নেব।”

মুনজুরুল/এমবি