রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ সেশন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। রোববার দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহমুদ দীপের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহা. মিজানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্ঠা ও সাবেক ছাত্র উপদেষ্ঠা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. মুনিমুল ইসলাম, ইউসিসি-ওরাকল বিসিএস কোচিং রাজশাহী শাখার পরিচালক মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা শুধু শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করি না। এটা কলেজ বা বিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার জায়গা। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করি যাতে তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে। আর এজন্য তোমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করে আত্মত্যাগী হতে হবে। দেশপ্রেমে নিজেকে উদ্বুদ্ধ করে ৭১ এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না বরং দেশকে নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানের প্রথমে শিক্ষার্থীদের অনুপ্রেরণামুলক Choose the Right path of your career বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানের শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আশিক/জারিফ