আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় কর্মীরা কলেজের কক্ষ ভাঙচুর করেছে বলে জানা গেছে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কলেজ ছাত্রাবাসের অ্যানাটমি ভবনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের পদ প্রত্যাশী রেফয়েজ মাহমুদ শিপু অভিযোগ করে জানান,মেডিকেল কলেজ ছাত্রলীগের রুহুল আমিন তুহিন গ্রুপের সেলিম ও নাসিরের নেতৃত্বে ২৫/৩০ জন রড,চাপাতি ও রামদা নিয়ে কলেজ ছাত্রাবাসের অ্যানাটমি ভবনের ১১৩ নম্বর কক্ষে ভাঙচুর চালায়। এসময় ওই কক্ষের জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তারা। এ কক্ষে ছাত্রলীগের তিন কর্মী রায়হান,আশিক ও প্রণব থাকেন। শুধুমাত্র তার গ্রুপ করার অপরাধেই এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান মাহমুদ শিপু। ছাত্রলীগ কর্মী রায়হান,আশিক ও প্রণব অভিযোগ করে জানান,কক্ষের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন তুহিন বলেন,আমি এখন ডাক্তার হয়ে গেছি। রাজনীতির খুব একটা খোঁজ খবর রাখি না। যতটুকু জেনেছি এটা ছাত্রলীগের নিজস্ব কোনো বিষয় নয়। কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে বলেও জানান তিনি।  এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]