বিদ্যুৎ সংকটের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।
গতকাল শুক্রবার রাতে আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রক্টর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ সংকট চলছিল। সম্প্রতি সংকট মারাত্মক আকার ধারণ করে। দফায় দফায় লোডশেডিংয়ের ঘটনায় আবাসিক হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দিবাগত রাত একটার দিকে দুটি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেরিয়ে আসেন। সেখানে প্রথমে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এরপর ক্যাম্পাসের একাডেমিক ভবন, মেডিকেল ভবন, ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনের সামনে থাকা দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা একটি মিনিবাস, একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস পুড়িয়ে দেন। খবর পেয়ে রাতেই পুলিশ, র্যাব ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জানান, রাতে তিনিসহ অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেন। ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক ভবনের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আল নকীব চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এআই





