সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল বিশ্বাস নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
ফলাফল অনুযায়ী ১১টি পদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টিতে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল জয় পেয়েছে। তারা হলেন- সহসভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম,
সদস্য পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ এম বেলায়েত হোসেন, কেমিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মহিবুল আলম,
ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনি পাল এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. আবুল কালাম আজাদ।
বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ৩টি পদে জয়লাভ করে। জয়প্রাপ্তরা হলেন- যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম,
কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দিন ও সদস্য পদে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
তবে আওয়ামীপন্থী অপর প্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকেরা কোনো পদেই জয়লাভ করতে পারেনি।
এআর





