জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছিনতাইকারী সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে।
আহত ওই যুবক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগরে মাস্টার্সের ছাত্র এবং শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিক।
ওই শিক্ষার্থীকে মারধরকারী শিক্ষার্থী মো. রবিউল ইসলাম (তৃতীয় বর্ষ, নগর অঞ্চল পরিকল্পনা) জানান, 'আমি আমার এক মেয়ে বন্ধুসহ মাঠ থেকে রাস্তার দিকে আসার সময় সে আমার প্যান্টের পকেটে হাত দেয় এবং আটকিয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে তাকে আটকিয়ে পরিচিতদের ডেকে আনি।'
রবিউল মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের নেতা মো. সানোয়ার হোসেনের অনুগত বলে জানা গেছে।
আহত ওই শিক্ষার্থী সম্পর্কে শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগ সভাপতি নওশাদ আলম অনিক জানান, 'আহত ছেলেটি কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। এ ছাড়া সে মাদকাসক্তও নয়। একটু সুস্থ হলেই আসল ঘটনা জানা যাবে।'
এমকে





