গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ তিন অভিযোগ তদন্তে পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদকে প্রধান করে এই দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বিশ্ববিখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ মিশেল ফুকোর লেখা “The Subject and Power” শীর্ষক আর্টিকেল যা প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস (১৯৮২), থেকে লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা চুরি করে নিজের নামে ছাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও নিউজ২৪ টিভি চ্যানেলের কারেন্ট এফেয়ার্স এর প্রধান সামিয়া রহমান এবং ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজানের বিরুদ্ধে। অভিযোগ করেছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস।

এক লিখিত অভিযোগপত্রের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চুরির অভিযোগ এর কথা জানিয়েছে ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস। উন্নত দেশগুলোতে একাডেমিক চৌর্যবৃত্তি (Plagiarism) একটি ভয়ঙ্কর অপরাধ এবং এর কারনে দোষী সাব্যস্ত হলে যেকোনো শিক্ষক/গবেষক/ছাত্রের একাডেমিক জীবনের ইতি ঘটতে দেখা যায়।

আরেকজন সিন্ডিকেট সদস্য জানান, শিকাগো জার্নালের সম্পাদক ওই অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন।

বেসরকারি টেলিভিশনে পূর্ণকালীন চাকরি করে আসা সামিয়া রহমান বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স এর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একাত্তর টিভি, এনটিভি ও একুশে টিভিতে কাজ করেন।

সাংবাদিকতার ছাত্র মারজানও একাত্তর টিভিতে কাজ করেছেন।

সামিয়া রহমান ও সৈয়দ মাহফুজুল হক মারজানের চুরি করা লেখা মূলত প্রকাশিত হয়েছিল Critical Inquiry জার্নালের ১৯৮২ সালের ৮ম ভলিউম এর ৪ নম্বর সংখ্যায় যার আসল লেখক মিশেল ফুকো (Michel Foucault)। “ওই জার্নালের অভিযোগ, তাদের দুটি গবেষণা প্রবন্ধে ওই জার্নালের প্রবন্ধের পৃষ্ঠার পর পৃষ্ঠা কপি করা হয়েছে। তদন্ত কমিটি এটা খতিয়ে দেখবে।” ইউনিভার্সিটি অফ শিকাগো জার্নালের সম্পাদক এই অভিযোগ করেছেন বলে জানান আরেকজন সিন্ডিকেট সদস্য।

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক রুহুল আমিন ও নুসরাত জাহান এবং বদরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে ।

সিন্ডিকেট সদস্য নীলিমা আকতার বলেন, “সিনিয়র একজন শিক্ষক উপাচার্যকে চিঠি দিয়ে রুহুল আমিন ও নুসরাত জাহানের প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়ার অভিযোগ করেন। সেখানে একটি বিষয় নিয়ে কয়েকটি প্রবন্ধ করা হয়েছে। সেটি একটি অভিযোগ।

“পরে বদরুজ্জামানের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ করেন নুসরাত জাহান।”এই দুটি পৃথক অভিযোগের তদন্ত একটি কমিটি করবে বলে জানান এই সিন্ডিকেট সদস্য।

কেবি