জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু করেছে আন্দোলনকারীরা।
আজ (০২ অক্টোবর) বুধবার সকালে প্রশাসনিক ভবনে অবরোধ গড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচলে বাধাও দেয় তারা।
বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন সর্বাত্মক ধর্মঘটপালনের কথা জানিয়ে আন্দোলনের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি জানান, তবে পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা অবরোধের আওতামুক্ত থাকবে।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ব্যানারে আন্দোলনকারীরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করা হয়েছে।
এর আগে অবরোধ ঠেকাতে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন পুল থেকে বাস অন্যত্র সরিয়ে ফেলার খবর পেয়ে রাতে শিক্ষার্থীরা তা বানচাল করে দেয় বলেও জানান তারা।
তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার দাবি করেন- “বাস চলাচলে তেমন বিঘ্ন হয়নি।”
এদিকে, আন্দোলনকারীদের পদত্যাগের দাবিকে ‘অযৌক্তিক’আখ্যা দিয়ে পদত্যাগ করবেন না বলে জানিয়ে উপাচার্য বলেন, “আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তের যে দায়-দায়িত্ব আমাকে দিয়েছে, সেটি অযৌক্তিক। আমি এটা (তদন্ত) চাইতেও পারি না, করতেও পারি না। এটি সরকারের থেকে উদ্যোগ নেবে অথবা বিচার বিভাগ চিন্তা করবে।
“এখানে আমাকে একটা চাপ সৃষ্টি করার অর্থই হচ্ছে একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আহ্বান করা। যেহেতু যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি প্রকাশ করছি না।”
এমবি





