২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের কারণে দু'দফা পিছিয়ে শুক্রবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল রোববার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ১০৮ ঘণ্টা হরতালের রেশ কাটতে না কাটতেই আবারও ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে সরকার বিরোধী এ জোট।
আাগামী রোববার, সোমবার ও মঙ্গলবার সারাদেশে টানা এ হরতাল পালিত হবে। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
এ অবস্থায় আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। তবে এ বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আমরা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করবো। তারাও তো (হরতাল আহবানকারীরা) একটু চাপের মধ্যে আছে। আমরা দেখি পরিস্থিতি কোন দিকে যায়। সবকিছু বিবেচনায় নিয়ে শনিবার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষায় বসার কথা।
এআর





