রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। তিনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজশাহী শহরেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্তি সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ও বহিরাগতদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

জানা গেছে, রাষ্ট্রপতি ও রুয়েট চ্যান্সেলর আবদুল হামিদের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে সমাবর্তন শোভাযাত্রা প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় রুয়েটের ভাইস চ্যান্সেলর, সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গ্র্যাজুয়েটরা অংশ নেবেন।

দুপুর আড়াইটার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান শুরু করা হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি ও সব কৃতী গ্রাজুয়েটকে গোল্ড মেডেল ও ক্রেস্ট প্রদান করবেন রাষ্ট্রপতি ও রুয়েট চ্যান্সেলর আবদুল হামিদ।

বিকেল ৩টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তিনি।

প্রসঙ্গত, রুয়েটের চতুর্থ সমাবর্তনে সর্বমোট ২ হাজার ৮৭ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করছেন। এর মধ্যে বিএসই গ্র্যাজুয়েট রয়েছেন ২ হাজার ৫০ জন, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী রয়েছেন ৩৭ জন।

এএইচ