স্বতন্ত্র বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষা বোর্ড চালুসহ ১০ দফা দাবি আদায়ে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রংপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজির শিক্ষার্থীরা। এ ঘটনায় পাঁচ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর মডার্ণ মোড় এলাকায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ ও অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নগরীর তাজহাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আইএইচটির কয়েকশ শিক্ষার্থী মডার্ন মোড়ে গিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে দুই পারে সব ধরনের যানবাহন আটকা পড়ে। মহাসড়কে অবস্থান নিয়ে সেখানেই বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এতে করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আন্দোলন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামীম ও সদস্য সচিব সাব্বির হোসেন জানান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন, চারবছর মেয়াদী কোর্স চালু, হু নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি করে বেকার টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসংস্থান, সরকারি আইএইচটি শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা ও বেতন স্কেল প্রদান, দেশের সব আইএইচটিতে ফার্মেসি ও রেডিও থেরাপিসহ সব অনুষদে বিএসটি ও এমএসটি কোর্স চালু, স্বতন্ত্র সেবা পরিদপ্তর চালুসহ ১০ দফা দাবি  আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে অবরোধের কারণে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর সঙ্গে সব ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগ তৈরি হয়েছে।

জেআই