চলন্ত ট্রেনের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেতে দুর্ঘটনায় আহত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্তত ১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩ জন ছাত্রীও রয়েছে। এছাড়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ওই বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা অর্ধশত শিক্ষার্থী।
শুক্রবার রাত ১০ টার দিকে কুমিল্লা নগরীর দৌলতপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্স মার্কেটিংয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়েল বাস চালকের অবহেলার কারণে এ ঘটনায় ঘটেছে বলে স্থানীরা জানিয়েছে। পরে স্থানীয় এলাকার লোকজন বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালককে মারধর করতে চাইলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
ওই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমীর চক্রবর্তী জানায়, নিজেদের একাডেমিক বছরের এক বছর পূর্তি অনুষ্ঠান থেকে আমরনা সবাই বাড়িতে ফিরছিলাম। ফেরার পথে আমাদের বহনকারী বাসটি দৌলতপুর রেল ক্রসিং পার হবার সময় মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড দূরত্ব নোয়াখালীগামী উপকূল ট্রেনটি চলে আসে। এ সময় ট্রেনের সাথে সংঘর্ষের আশংকায় আমাদের শিক্ষার্থীরা প্রাণে বাঁচতে চলন্ত বাস থেকে তাড়া-হুড়ো করে লাফিয়ে পড়ে। এতে অনেকের হাত-পা কাটাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়।
আবার অনেক শিক্ষার্থী আশপাশের ডোবা নালাতে লাফিয়ে পড়ে কোন রকমে প্রাণে বাচাঁর চেষ্টা করে। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে। তারা এ ঘটনায় চালকের অসতর্কতাকে দায়ী করে চালক ও স্টাফদের মারধর করতে উদ্যত হয়। তখন শিক্ষার্থীরা সেখান থেকে তাদের উদ্ধার করে নগরীর কান্দিরপাড় নিয়ে আসে। পরে কয়েকজন বিক্ষুদ্ধ শিক্ষার্থী ওই বাস চালক ও স্টাফদের মারধর করতে চাইলে পথচারীরা এসে তাদেরকে উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী জানায়, এক বছর পূর্তি অনুষ্ঠান থেকে ফিরে যখন শিক্ষার্থী আনন্দ উল্লাসে মেতে উঠে তখন ট্রেনটি একেবারেই আমাদের গাড়ি ছুই ছুই অবস্থা। আর মাত্র ১০ সেকেন্ড দেরি হলে পুরো গাড়ির প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী প্রাণে মরে যেত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আইনুল হক জানান, ওই রেলক্রসিং দিয়ে ট্রেন আসার সময় সড়কে গেইট ফেলা হয়নি। এতে বাস চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। গেইটম্যানের দায়িত্বে অবহেলার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





