দেশে সরকারি উচ্চ বিদ্যালয় ৫৩২টি, কলেজ ৫৯৮টি। আর ৯ হাজার ৩১১টি দাখিল-আলিম-ফাজিল ও কামিল মাদরাসার মধ্যে মাত্র ৩টি সরকারি।

স্কুল-কলেজের ন্যায় দেশের ৩৩টি মডেল মাদরাসা জাতীয়করণের দাবি জানিয়েছে মডেল মাদরাসা জাতীয়করণ বাস্তবায়ন কমিটি।  

আজ (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতে দ্বীন কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আবু ইউছুফ মৃধা এই দাবি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় একটি করে বেসরকারি মডেল উচ্চ বিদ্যালয় (৩২৯টি) সরকারি করা হয়েছে এবং আগে করা সরকারি প্রতিষ্ঠানসহ দেশে বর্তমান ৩৪৫টি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আরও ১৮৭ টি বিদ্যালয়কে সরকারি করণের ঘোষণা দেয়া হয়েছে। সব মিলিয়ে মোট সরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫৩২টি।  যে সমস্ত উপজেলায় কোন সরকারি কলেজ ছিল না সেইসব উপজেলায় (প্রস্তাবিত ২৯৩, বাস্তবায়ন ২৭১) কলেজ জাতীয়করণ করা হয়েছে। বর্তমানে মোট সরকারি কলেজের সংখ্যা ৫৯৮টি।

“এর বিপরিতে সরকারি মাদরাসার সংখ্যা মাত্র ৩টি।সারাদেশে জাতীয়করণের বাকী আরও ৯৩০৮টি মাদরাসা রয়েছে।” 

আবু ইউছুফ মৃধা বলেন, কোন আন্দোলন করে নয়, আমরা মনে করি ন্যায় সঙ্গত যৌক্তিক আবেদন আপনি অগ্রাহ্য করবেন না। তাই আমরা এই সরকারের বাস্তবায়নকৃত দেশের ৩৩টি মডেল মাদরাসাকে স্কুল-কলেজের ন্যায় জাতীয়করণের আহবান জানাই। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মো. মোকাদ্দাসুল ইসলাম, সহ-সভাপতি মো. মামুন আর রশিদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন- মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ মোহা. রেজাউল হকসহ প্রমুখ। 

এমবি /জারিফ