স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস বাস্তবায়নে সরকারকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন, এর মধ্যে আশ্বাস বাস্তবায়ন না হলে ১২ আগস্ট থেকে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।
তিনি বলেন, আমরা বর্তমান সরকারের ১০ বছরের শাসনামলে দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিট্রেশনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি অবস্থান ধর্মঘটসহ অনশন করে আসছিলাম।
পরে ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সদিচ্ছায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব আমাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আমরা সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।
মোখলেছুর রহমান আরও বলেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন, জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরণ, সহসভাপতি মাওলানা মো. শাহজাহান প্রমুখ।
এমআর





