প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুকূলে একটি ভূসম্পত্তি বিভাগ চালু করার সুপারিশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩নং সাব-কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইন। কমিটির সদস্য আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকা মহানগরীর মিরপুর থানার গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনফুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আ. মান্নান সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খলিলুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে।

বৈঠকে যেসব হাইস্কুলে একই কম্পাউন্ডের ভিতরে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে সেসব হাইস্কুলের প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে প্রাথমিক বিদ্যালয়ের সাথে অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়।

এছাড়াও কমিটি যেসব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে সেসব স্কুলের যাবতীয় কাগজ পরীক্ষা-নিরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে।

এআর