ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আবাসিক হল আজ খুলছে। মহামারী করোনা কারণে দীর্ঘ ১৮ মাস পর বন্ধ ছিল আবাসিক হলগুলো।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে করোনাভাইরাস প্রতিরোধ টিকা কমপক্ষে একডোজ নেওয়ার সনদ দেখাতে হবে প্রত্যেককে।
ক্যান্টিন ও শৌচাগার সংস্কার করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ক্যান্টিনগুলোর পরিচালক ও কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাবি প্রশাসন জানিয়ে দিয়েছে, টিকা না নিলে ক্যান্টিন পরিচালনা ও কাজ করা যাবে না।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং বিজয় একাত্তরের হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, “শিক্ষার্থীদের বরণ করে নিতে আমাদের সব হল প্রস্তুত। শিক্ষার্থীদের আইডি কার্ড ও টিকা কার্ড দেখে হল প্রশাসন তাদের ওঠাবে। চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের তালিকা আইসিটি সেল থেকে প্রতিটি হল প্রশাসনকে পাঠানো হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান মঙ্গলবার সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল সাড়ে ১০শটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন।
ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে আবাসিক হলগুলো প্রস্তুত। ইতোমধ্যে হল প্রশাসন সংস্কার কাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ কমে আসায় পূজার ছুটির পর এক ডোজ টিকা নেওয়ার শর্তে যে কোনো বর্ষের শিক্ষার্থী হলে উঠতে পারবেন। এরপর সশরীরে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস থেকে ঢাবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনতে অস্থায়ী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে টিকা কার্যক্রম শতভাগ বাস্তবায়নের মাধ্যমে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।
এমবি





