শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে।
বুধবার ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা বলেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ‘বি’ ইউনিট এবং ১৫ ও ১৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে।
আগামী ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর মেধাতালিকার ১ থেকে ৬০০ পর্যন্ত ভর্তি করানো হবে।
তবে ১৩ ডিসেম্বর ‘বি’ ইউনিটের গ্রুপ ২ এবং গ্রুপ ৩ এর মেধাতালিকার বাকিগুলোসহ কোটায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করানো হবে বলে জানান তিনি।
এ ছাড়া ১৫ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও মানবিক বিভাগের এবং ১৭ ডিসেম্বর বাণিজ্য বিভাগের মেধা তালিকায় স্থানপ্রাপ্তসহ কোটায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করানো হবে। সব ইউনিটের ভর্তি কার্যক্রম সকাল ৯টায় শুরু হবে।
‘বি’ ইউনিটের বি-১ গ্রুপে ৬৮৫টি, বি-২ গ্রুপে ১২০টি ও বি-৩ গ্রুপে ৩০টি আসনসহ সর্বমোট ৮৩৫টি আসন এবং ‘এ’ ইউনিটে ৬১৩টি আসন রয়েছে।
এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৬টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বার জন্য ২৬টি, প্রতিবন্ধীর ১৩টি এবং পোষ্য কোটায় ১৫টি সর্বমোট ৮০টি আসন সংরক্ষিত আছে।
মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা।
ভর্তির জন্য শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কসিট এবং সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
এ ছাড়া প্রতিটি সনদ ও নম্বরপত্রের দুটি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে ভর্তির জন্য ৬ হাজার ৮৫০ টাকা লাগবে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএইচ





