ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল তৈরি ও প্রকাশের জন্য রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের উদ্বোধন করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফল তৈরী করা হবে। বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারে। ফল দেখতে শিক্ষার্থীদের রোল নম্বর ব্যবহার করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীদের মোবাইল নম্বর এই সফটওয়্যারে এন্ট্রি করা থাকলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবে। সফটওয়্যারটি দিয়ে ফলাফল তৈরিতে সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

শিক্ষকদের সামনে সফটওয়্যারটি উপস্থাপন করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক তপন কুমার জোদ্দার।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, অনুষদীয় ডিন, বিভিন্ন বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল/এমবি