লাগাতার ধর্মঘটের প্রথম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার সকালে ধর্মঘটের সমর্থনে ছাত্রদল নেতা মো: শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আবার শহীদ মিনারে ফিরে আসে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদল নেতা মোহাম্মদ বরাতুল মাউন, মাইনউদ্দিন সুমন, আকিলুজ্জামান আকিল, নুরুল আলম লিটন, হোসাইন মো.বাবুল, হাসনাত আরিফ, রুবেল হোসেন, মাকসুদুর রহমান শাকিল, রবিউল হোসেন রবি, সোহেলুর রহমান,শফিকুল ইসলাম, মিজানুর রহমান রুবেল, আরাফাতুল ইসলাম ,বেলাল উদ্দিন প্রমুখ ।

এর আগে গত শুক্রবার ১১ দফা দাবিতে আজ রোববার থেকে লাগাতর ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান চবি ছাত্রদল সেক্রেটারি সাইফুদ্দিন সালাম মিঠু।

দাবিগুলো হচ্ছে- রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, বটতলী থেকে পুনরায় ট্রেন চালু করা, শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা, ছাত্রলীগের নিয়োগ বাণিজ্য বন্ধ করা, বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া, পূর্ণ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্রলীগের যৌন হয়রানি/ ইভটিজিং বন্ধ করে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতন বন্ধ করা ও শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব মুক্ত করে মেধাবীদের নিয়োগ দেয়া ।

উল্লেখ্য, এসব দাবিতে গত ৪ ও ৫ ফেব্রুয়ারিও ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রদল।

ইআর