ইসলামী বিশ্বিবিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের পিএইচডি জালিয়াতি তদন্তে তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তাকে পিএইচডি ডিগ্রী প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন অনিয়মের আশ্রয় নিয়েছে কি না তাও অনুসন্ধান করতে বলা হয়েছে গঠিত তদন্ত কমিটিকে।

গত সোমবার সন্ধায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. আবু সিনাকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ডীন প্রফেসর ড. শামসুল আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আলীনূর রহমান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, “প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে আনিত পিএইচডি জালিয়াতির সত্যতা যাচাইয়ের এবং এ ডিগ্রি প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন অনিয়ম করেছে কি না তা অনুসন্ধানের জন্য এ কমিটি গঠিত হয়েছে।”

গত ১৬মে প্রথম দফা এবং ১৬জুন দ্বিতীয় দফা বিভিন্ন প্রমাণ্য তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের পিএইচডি ডিগ্রি ভূয়া দাবি করে তা তদন্ত করে দেখার দাবি জানায় ইবি বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের নেতারা। যার প্রেক্ষিতে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয় বলে জানা যায়।

এমআইএস