উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে এক মাস বন্ধ রাখার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী রোববার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ জানান।

ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবন অবরোধের মত বেশ কিছু কর্মসূচি শেষে ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের বাসভবন ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

পরদিন দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে চড়াও হয় আন্দোলনকারীদের ওপর। তারা এলোপাতাড়ি মারধর করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। উপাচার্যের বাসভবনের সামনে ওই হামলায় আট শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত ২৫ জন আহত হন।

এই পরিস্থিতিতে ৫ নভেম্বর দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এমএম