বেপরোয়া বাসের ধাক্কায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় আবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলোনের ডাক দিলেন বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিউপি)’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষনা দেন বিইউপি’র শিক্ষার্থী মাঈশা নূর।  

মাঈশা নূর বলেন, আমরা গত বছরের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ধারাবাহিকতা চালিয়ে যাব। আগামীকাল বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় আমরা আবার উপস্থিত হব। দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্লাস বর্জন করে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, শিক্ষার্থীদের অভিভাবকদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। 

বিইউপি’র এই শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়।

তিনি বলেন, সবাই আইডি কার্ড নিয়ে আসবেন এবং গত বছরের মতো কোনো বিরুপ পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য সকলে সতর্ক থাকবেন।

মাঈশা নূর বলেন, যেন কোনো ‘হ্যালমেট বাহিনী’ আক্রমণ করতে না পারে, সে জন্য আমরা পুলিশের সমর্থন ও সুরক্ষা চাই।

এছাড়া মেয়র আতিকুল ইসলাম যে ফুট ওভার ব্রিজের আশ্বাস দিয়েছেন, আগামীকালই তার প্রতিফলন দেখতে চেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: নিরাপদ সড়ক চাওয়া আবরারের প্রাণ গেল সড়কেই, ৮ দাবিতে সড়ক অবরোধ

এরআগে বিউপি’র শিক্ষার্থী নিহতের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের পক্ষ থেকেও একাত্মতা প্রকাশ করেন।  

আজ (১৯ মার্চ) মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে প্রগতি স্মরনিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে যান নুর।

তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঢাকসুর ভিপি বলেন, এর আগে নর্থ সাউথ, ইস্ট-ওয়েস্ট’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন মহল থেকে এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন বানচালের চেষ্টা চলছে। ষড়যন্ত্র হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে দাঁতভাঙ জবাব দেবে ছাত্র সমাজ।  

এমবি