শীতকালীন ছুটি শেষে ৮ জানুয়ারি খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আর আবাসিক হল খুলবে ৭ জানুয়ারি।
বৃহস্পতিবার এক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ইবি সূত্র জানায়, ক্যাম্পাস খোলার সিদ্ধান্তের আগে দুই জেলার (কুষ্টিয়া-ঝিনাইদহ) পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রসাসন। সেখানে পরিবহন পোড়ানোর ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপুরণ দেয়ার শর্তে গাড়ি সরবরাহে সম্মত হয় পরিবহন মালিক সমিতি। পরে ৮ জানুয়ারি শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাস পোড়ানোর ক্ষতিপূরণ বাবদ মালিক সমিতি প্রায় ২ কোটি ৬৮ লাখ টাকা ক্ষতিপুরণ দাবি করে। মালিক সমিতির দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দরকষাকষি করলে ঝিনাইদহ-কুষ্টিয়ার বিআরটিএ প্রতিনিধিদের মধ্যস্থতায় মালিক সমিতির দাবি করা ক্ষতিপূরণের ৫০ শতাংশ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান জানান, সর্বশেষ ১ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপুরণ দেয়ার শর্তে গাড়ি সরবরাহে সম্মত হয়েছে পরিবহন মালিক সমিতি। তিনি জানান, তিন কিস্তিতে ক্ষতি পুরণের টাকা পরিশোধ করতে হবে। যার প্রথম ৩৫ শতাংশ ১০ জানুয়ারি, পরবর্তী ৪০ শতাংশ ৩০ জানুয়ারি এবং বাকি অংশ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ মাসের মধ্যে গাড়ি সরবরাহ সাভাবিক না হওয়ায় আগামী ৮ জানুয়ারি থেকে ক্যাম্পাস ও ৭ জানুয়ারি হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, পরিবহন মালিক সমিতির সঙ্গে সমঝোতা হয়েছে। শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাসে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। এছাড়া ৭ জানুয়ারি সকল আবাসিক হল খুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বাসচাপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ইবি রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছাত্র নিহতের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রায় ৪০টি গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়।
কেএইচ





