জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  বেদখলকৃত হলসমূহ উদ্ধারের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাউদ্দিন আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহ্উদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভুমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন যুগ্মসচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এ কমিটি পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ উদ্ধারের বিষয়াদি বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ পেশ করবে।
সোমবার সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের জন্য যথাসম্ভব নিকটবর্তী স্থানে নতুন জমিক্রয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমি ক্রয় কমিটি গঠনের পরামর্শ প্রদান করা হয়েছে।
এছাড়া একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণের অসমাপ্ত নির্মাণ কাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা হলের নির্মাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রদান করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।  
সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অবিলম্বে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
[b]ঢাকা, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]