আগামীকাল শুক্রবার থেকে শিল্পকলাতে শুরু হচ্ছে জাতীয় নৃত্য ও কারু কর্মশালা। ৩'শ শিক্ষার্থীর অংশগ্রহনে শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি জাতীয় নৃত্য ও কারু কর্মশালা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ছোট হল রুমে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য লায়লা হাসান।

শিল্পী লায়লা হাসান বলেন, আমাদের নাচ অন্য দিকে ধাবিত হওয়ার লক্ষন দেখা যাচ্ছে। সেখান থেকে নাচকে নিয়ে এসে আমাদের নিজস্ব ঐতিহ্য, কৃষ্টির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে।

তিনি বলেন, আমরা অন্য সংস্কৃতি থেকে ভালো র্নিযাস নিবো, কিন্তু অনুকরণ করবো না।কারণ নাচ শুধুমাত্র বিনোদন নয়। জীবন সংশ্লীষ্ট সকল কথাই আমরা নাচের মাধ্যমে বলতে পারি।

৪০ দিন ধরে বাংলাদেশ টেলিভিশনে নাচের কোন অনুষ্ঠান হয় না অভিযোগ করে তিনি বলেন, নাচ তো খারাপ কিছু নয়। একজন নৃত্য শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি আমার নিবেদন আমি করতে পারি নাচের মধ্যমে।কিন্তু নাচই যদি করতে না পারি তাহলে করবো কি ভাবে।

২৮ আগস্ট সকাল ১১ টায় কর্মশালার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ৩০ আগস্ট বিকেল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে থাকবেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সংস্কৃতজন কামাল লোহানী এবং শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।

নৃত্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন শিল্পী লায়লা হাসান, সাজু আহমেদ, দীপা খন্দকার, মেহেদী হাসান সুজন এবং কারু কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন শিল্পী রফিকুন্নবী, আনোয়ার হোসেন, রণজিৎ কর্মকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাঘরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম, উপদেষ্টা ড. কাজী মোজাম্মেল হোসেন, জিয়াউদ্দীন আহমদ প্রমুখ।

এমএ/এআই