বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করায় লেভেল-২ এর ২০জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে  প্রশাসন ভবনের সামনে জড়ো হয় আন্দোলনরত বিভিন্ন অনুষদের লেভেল-২ এর শিক্ষার্থীরা। সেখানে তারা ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টোর, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ এবং পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান ধর্মঘট পালন করে। এঘটনার প্রেক্ষিতে উপস্থিত প্রায় ৩০০জন শিক্ষার্থীর মধ্যে ২০জনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

শোকজ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জাহিদ হাসান, হাসান বিশ্বাস, রায়হানুজ্জামান সরকার, আবু হান্নান সরকার, রুস্তুম আলী, মো. আশিক মাহমুদ, সুমন আহমেদ, মো. আবির হোসেন, সুদীপ্ত তালুকদার, দুলাল সরকার, ফেরদৌস মিয়া, আল আমিন, দীপোজ্জ্বল কর ও পরিমল বল। এছাড়া মেয়েদের মধ্যে তাপসী রাবেয়া এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের ৬ ছাত্রীকে শোকজ করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক কিশোর আহমেদ বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধভাবে শোকজ করা হয়েছে। শিক্ষকরা ছাত্রদের কণ্ঠরোধ করতে চাইছে। সোমরার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ ডাকা হয়েছে। শিক্ষার্থীদের শোকজ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ